ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছেন লিওনেল মেসি। সেই অর্জনের পর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার আবেগঘন এক ফোনালাপের কথা প্রকাশ পেয়েছে। বর্তমানে জার্মান ক্লাব ন্যুরেমবার্গের কোচের দায়িত্বে থাকা ক্লোসা জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই তার সঙ্গে মেসির ফোনে কথা হয়। স্কালোনি ও ক্লোসা একসময় ইতালিয়ান ক্লাব লাজিওতে সতীর্থ ছিলেন এবং এখনও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
ক্লোসা বলেন, “লিওনেল স্কালোনি লাজিওতে আমার সতীর্থ ছিল, এখনও আমাদের যোগাযোগ রয়েছে। স্কালোনিই আমার ও মেসির মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছিল। মুহূর্তটি ছিল খুবই আবেগঘন।” তিনি আরও জানান, মাঠে প্রতিপক্ষ হিসেবে বহুবার দেখা হলেও ম্যাচের বাইরে এত দীর্ঘ সময় ধরে এই প্রথম মেসির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল তার। জার্মান কিংবদন্তির ভাষায়, “আমাদের মধ্যে সবসময়ই পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ম্যাচের বাইরের এটি ছিল প্রথম দীর্ঘ আলাপ।”
এই ফোনালাপেই ক্লোসাকে একটি বিশেষ উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। ক্লোসা জানান, “সে আমাকে বলেছে, একটি স্বাক্ষর করা জার্সি পাঠাবে।” বিশ্বকাপে দীর্ঘদিন ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল ক্লোসার দখলে। সম্প্রতি সেই রেকর্ড ভেঙে ইতিহাসের একক শীর্ষে উঠে গেছেন মেসি। তবে নিজের রেকর্ড ভাঙায় কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং তিনি আগেই বলেছিলেন, ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকার হাতেই রেকর্ডটি ভাঙুক—এটাই তিনি চেয়েছিলেন।
রিপোর্টারের নাম 






















