দীর্ঘ আইনি জটিলতা শেষে চট্টগ্রাম-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার হাইকোর্টের রায় পাওয়ার পরপরই ইসি এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সরোয়ার আলমগীর জয়লাভ করলেও তার প্রার্থিতা নিয়ে আইনি লড়াই শুরু হয়। ঋণখেলাপির অভিযোগে জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছিল। তবে হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। পরবর্তীতে আপিল বিভাগ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।
সর্বশেষ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন। নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের পর পরবর্তী কার্যক্রমের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















