ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের উত্তেজনার পাশাপাশি গ্যালারির বাড়তি আমেজ। তবে এবার ফাইনালে প্রথমার্ধের বিরতির ১১ মিনিট সময়টুকু হতে যাচ্ছে সংগীতের এক মহোৎসব। এই বিশেষ হাফটাইম শো-তে পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস। আয়োজক ফিফার তথ্য অনুযায়ী, আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণাঢ্য আয়োজনে আরও থাকবেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়, কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লে ও পিএস২২ কোরাস। এছাড়া শিশুদের প্রিয় ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলোও মঞ্চ মাতাবে।
অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের ক্রিস মার্টিন। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করা হচ্ছে, যা মূলত বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে। স্বাস্থ্যগত বিরতির পর ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে মঞ্চে ফিরে আসা জাস্টিন বিবার এই আয়োজনে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আসর যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।” এছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে থাকা শাকিরা ও বার্না বয় আবারও একসঙ্গে তাদের সুপারহিট গান ‘দাই দাই’ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।
ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রফির লড়াই। গোল্ডেন বুটের দৌড়ে আট গোল নিয়ে বর্তমানে শীর্ষে আছেন লিওনেল মেসি, যার পেছনেই রয়েছেন সাত গোল করা কিলিয়ান এমবাপ্পে ও এরলিং হালান্ড। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালের মঞ্চ প্রস্তুত করতে নিউইয়ার্কের আকাশ এখন সংগীতের সুর আর ফুটবলের উত্তেজনায় মুখর হওয়ার অপেক্ষায়।
রিপোর্টারের নাম 
























