ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক সবসময়ই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন। এবার নিজের ৩০তম জন্মদিনেও তিনি বেছে নিলেন এক ভিন্ন পথ। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করে চমক দিয়েছেন এই অভিনেত্রী।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই চমকের এই অভিনব উদ্যোগ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় গাছগুলো রোপণ করা হয়।
নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে চমক বলেন, “আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।”
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ। এই বন বুক পেতে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”
অভিনেত্রীর এই উদ্যোগ এরই মধ্যে ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জন্মদিনকে ব্যক্তিগত উদযাপনের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ রক্ষার একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য চমকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























