ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফলে নজিরবিহীন অসংগতির অভিযোগ উঠেছে। ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও উত্তীর্ণ হয়েছেন, অথচ যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন তাতে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে। এই ঘটনায় ফল প্রকাশ প্রক্রিয়া এবং উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী রামিম ফকিরের দাবি, অসুস্থতার কারণে তিনি ‘এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা’ (৩০১ নম্বর কোর্স) পরীক্ষায় অংশ নিতে পারেননি এবং হাজিরা খাতায় স্বাক্ষরও করেননি। অথচ প্রকাশিত ফলাফলে তাকে ওই কোর্সে ২.৫০ জিপিএ দিয়ে পাস করানো হয়েছে। অন্যদিকে, ‘লিঙ্গুইস্টিকস’ কোর্সে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাকে ফেল দেখানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত রহস্যজনক ও হতাশাজনক আখ্যা দিয়ে তিনি তদন্ত ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে তার নজরে আসেনি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ ও ফলাফল তৈরির পুরো প্রক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। ভুক্তভোগী শিক্ষার্থীকে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষকদের খাতা মূল্যায়নে ভুলের কারণে এমনটা হতে পারে, যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধান সম্ভব।
রিপোর্টারের নাম 
























