কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজারের বেশি ভিডিও সরিয়ে নিয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের সুরক্ষা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বছরের প্রথম তিন মাসে প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৯৯.৬ শতাংশই স্বয়ংক্রিয় মডারেশন সিস্টেমের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করার আগেই এগুলো সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। এছাড়া ৯৪ শতাংশের বেশি ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই মুছে দেওয়া হয়েছে। তবে ভুলবশত মুছে ফেলা ৩ লাখ ২০ হাজারের বেশি ভিডিও পর্যালোচনার পর পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় টিকটক।
টিকটকের এই প্রতিবেদনে বিশ্বজুড়ে তাদের কার্যক্রমের চিত্রও ফুটে উঠেছে। একই সময়ে বিশ্বজুড়ে প্রায় ১৮ কোটি ৪০ লাখ ভিডিও এবং ৮ কোটি ৬২ লাখ ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল বিষয়বস্তু, অশালীন আচরণ এবং শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে টিকটক তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 

























