জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মেঘনা অববাহিকার জন্য উপযোগী জলবায়ু-সহিষ্ণু ফসল নির্বাচনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প সরকারের উচ্চপর্যায়ে প্রশংসিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী এই উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন এবং এর মাঠ পর্যায়ের কার্যকারিতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন।
নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিনুজ্জামানের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে কৃষি ও খাদ্যনিরাপত্তার ওপর যে ঝুঁকি তৈরি হয়েছে, তা নিরসনে কার্যকর ফসলের জাত নির্বাচন করা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (বিসিসিটিএফ) অর্থায়নে দুই বছর মেয়াদি এই প্রকল্পটির কাজ চলমান রয়েছে।
গবেষণার আওতায় ১৯৫৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে ২১০০ সাল পর্যন্ত মেঘনা অববাহিকার জলবায়ু পরিস্থিতির একটি পূর্বাভাস মডেল তৈরি করা হবে। এই মডেলের ওপর ভিত্তি করে একটি স্বয়ংক্রিয় গ্রিনহাউজে সয়াবিন ও মিলেটজাতীয় ফসলের সহনশীলতা পরীক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের জন্য আধুনিক ও কার্যকর অভিযোজন কৌশল প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























