সৌদি আরবের জেদ্দায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের একাংশের অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণের কারণে কনস্যুলার ট্যুর পরিচালনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। কনস্যুলেট থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদান ব্যাহত হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়া করা ভেন্যুগুলোতে কিছু সেবাগ্রহীতা আসবাবপত্র ও স্থাপনার ক্ষতিসাধন করছেন। জানালা-দরজা ভাঙচুর, দেয়াল টপকানো এবং বর্জ্য যত্রতত্র ফেলার মতো ঘটনা ঘটছে। এর ফলে ভেন্যু মালিকদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, ভেন্যু মালিকরা ভবিষ্যতে কনস্যুলার কার্যক্রমের জন্য জায়গা ভাড়া দিতে অনীহা প্রকাশ করছেন। এমন অবস্থায় প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলতে এবং দায়িত্বশীল আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সবার সচেতনতা ও সহযোগিতাই পারে এই সেবা কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখতে।
রিপোর্টারের নাম 

























