বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে খেলা হলেও এর ঢেউ লেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে। শিক্ষার্থীদের এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। সেখানে কয়েকশ শিক্ষার্থী একসঙ্গে বসে প্রিয় দলের খেলা উপভোগ করছেন।
সম্প্রতি আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে দেখা গেছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। বৃষ্টির বাগড়া থাকলেও ফুটবলপ্রেমীদের উৎসাহে কোনো কমতি ছিল না। কেউ ছাতা মাথায় দিয়ে, আবার কেউ পলিথিন জড়িয়ে খেলা দেখতে হাজির হন। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, প্রতিকূল আবহাওয়ার মাঝেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা একটি ইতিবাচক পদক্ষেপ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, শিক্ষার্থীদের বিনোদনের কথা মাথায় রেখেই তারা নিজস্ব অর্থায়নে এই আয়োজন করেছেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়মিতভাবে বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।
রিপোর্টারের নাম 

























