৪৭তম বিসিএসের টেকনিক্যাল ক্যাডারের ফলাফলকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অনুষদ থেকে ১৮ জন পরীক্ষার্থী ভাইভায় অংশ নিলেও একজনকেও সুপারিশপ্রাপ্ত না করায় তারা ক্ষুব্ধ।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র কোড এবং আরও চারটি দফা। শিক্ষকরা তাদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তবে অনুষদের সব শিক্ষক উপস্থিত না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষকদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দেন।
জবাবে ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত পোষণ করে শিক্ষকদের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, কম্বাইন্ড কোড অন্তর্ভুক্তির জন্য পিএসসিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে এবং ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়েও ইউজিসিকে অবহিত করা হবে। এছাড়া টিএ ও ডিএ চালুর বিষয়ে উপাচার্য একমত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। তবে সেশনজটের ঝুঁকি এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সময় আন্দোলন করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালে আন্দোলনরত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেন এবং তাদের অনড় অবস্থান বজায় রাখার কথা জানান।
রিপোর্টারের নাম 
























