কক্সবাজারে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ পাহাড়ধসে ৯ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি মায়ানমার সরকারের নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, জান্তা সরকারের অত্যাচারে রোহিঙ্গারা আজ বিদেশের মাটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে। এই মৃত্যুর দায় মায়ানমার সরকারের ওপরও বর্তায়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি জামায়াত নেতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
রিপোর্টারের নাম 























