পিরোজপুরের নাজিরপুরে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, পল্লী উন্নয়নের প্রকৃত অর্থ কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়। গ্রামীণ জনপদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। তিনি সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে তৃণমূলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব হয়।
তমা আরও উল্লেখ করেন, সমবায় ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনা সভা শেষে তিনি গ্রামীণ অর্থনীতি সচল করার লক্ষে উপকারভোগী শিক্ষার্থী ও ঋণগ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, গ্রামীণ উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে।
রিপোর্টারের নাম 
























