ফ্রান্সের উন্নয়ন সংস্থা অ্যাজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিদর্শন করেছে। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল দেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়া।
বিপিপিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এএফডি প্রতিনিধিদলকে স্বাগত জানান বিপিপিএ’র পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন। সোমবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে এএফডি প্রতিনিধিরা বাংলাদেশে তাদের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর ক্রয় কার্যক্রমকে জাতীয় ই-জিপি সিস্টেমের সাথে সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিপিপিএ’র পরিচালক জানান, ই-জিপি প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা সহ সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক। তিনি উল্লেখ করেন যে, ২০১১ সালে ই-জিপি সিস্টেম চালুর পর থেকে এ পর্যন্ত মোট ২৪টি উন্নয়ন সহযোগী সংস্থা এই প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে বাংলাদেশের ই-জিপি সিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
পরবর্তীতে, ই-জিপির এনহ্যান্সমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইওএম) প্রকল্পের টিম লিডার নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিনিধিদলের সামনে ই-জিপি সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করেন। তিনি দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি সম্পাদন ও ব্যবস্থাপনা পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ক্রয় প্রক্রিয়া, সিস্টেমের বিভিন্ন কার্যক্রম এবং সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, প্রতিযোগিতা ও সুশাসন নিশ্চিত করতে ই-জিপি সিস্টেমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























