বরিশাল নগরীর কালিবাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে একটি কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—হাসান মাহমুদ খান, আব্দুল্লাহ আল তামিম, প্রতিম আচার্য ও হৃদয় দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইভটিজিং, মাদক কারবার ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে স্কুল চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্তদের শনাক্ত করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, ডিবি পুলিশ আটককৃতদের থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোর গ্যাং দমনে পুলিশের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























