দেশের ঐতিহ্যবাহী গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (পিআইএল)-এর সীতাকুণ্ডস্থ কারখানা পরিদর্শন করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার দুপুরে গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রতিষ্ঠান পরিদর্শনে এসে মন্ত্রী কারখানার সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন।
কারখানা প্রাঙ্গণে মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাহাজ পুন:প্রক্রিয়া,বিরা,বেখা ও বিআইএম) মো ফিরোজ উদ্দিন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু সাঈম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখান এবং প্রগতির সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি দেশের অটোমোবাইল খাতের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেন। একই সাথে, সময়ের চাহিদার সাথে সংগতি রেখে প্রগতির কারখানাকে আধুনিকায়ন করা এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংযোজন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মন্ত্রীর নিকট বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে।” প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং ইভি গাড়ি সংযোজনের মতো পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রশাসনিকসহ সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























