ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাংগী গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আবদুল্লাহ এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরটির গভীরতা বেশি হওয়ায় অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, নিহত ছাত্রের লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























