নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’ আয়োজিত নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা আজ কেবল পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এই ধারাকে আরও শক্তিশালী করতে তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যার একটি অংশ হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। একজন নারী স্বাবলম্বী হলে পুরো সমাজ উপকৃত হয়, তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উদ্যোমী নারী ফাউন্ডেশনের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























