ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা ইউনিয়নে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুটি ট্রান্সফরমার চুরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ৬৩টি পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে সমিতি বাজার এলাকা থেকে একটি ২৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়, যার ফলে ওই এলাকার ২৮টি দোকান ও ৩০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর আগে গত শনিবার একই এলাকা থেকে আরও একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়েছিল।
টানা বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ-মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্য নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবী ও চোর চক্রের উৎপাত বাড়লেও প্রশাসনের পর্যাপ্ত টহল নেই। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকদের নতুন করে আর্থিক বোঝা বহন করতে হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত চোর চক্রকে গ্রেফতার এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























