সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গড়ে তোলা একটি বিশাল শিশা বাণিজ্য নেটওয়ার্কের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রাজধানীর গুলশান, ভাটারা ও মালিবাগ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে দেশের ইতিহাসের বৃহত্তম শিশার চালান জব্দ করা হয়েছে। এই অভিযানে প্রায় ৬৬ কেজি শিশা ও ৪১টি হুক্কাসহ চক্রের মূলহোতা দুই ভাই ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, এই চক্রটি ফেসবুক পেজের মাধ্যমে শিশা ও সরঞ্জাম প্রদর্শন করে অর্ডার নিত। এরপর মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পরিশোধের পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া হতো। গ্রেপ্তার হওয়া দুই ভাই দীর্ঘদিন ইরানে ছিলেন এবং সেখান থেকেই এই মাদক ব্যবসার কৌশল ও সরবরাহ পদ্ধতি শিখে আসেন। দেশে ফিরে তারা অভিনব অনলাইন মডেলে এই ব্যবসা শুরু করেন।
অভিযান চলাকালে কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে শুরু করে আসামিদের বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএনসির গোয়েন্দা শাখা জানিয়েছে, দেশে একক অভিযানে এত বড় শিশার চালান এর আগে কখনও ধরা পড়েনি। এই চক্রের সাথে আরও কারা জড়িত আছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
রিপোর্টারের নাম 






















