নেত্রকোণার পূর্বধলায় একটি মৎস্য খামারে নারী নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার ‘টাঙ্গাইল’ নামক একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১০টি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), হাবিবুর রহমান হাবি (৪০), কাজল মিয়া (২০) এবং মোছা. মনিরা আক্তার (৩০)। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ফিশারিতে নারী এনে অশ্লীল ভিডিও তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে হাতেনাতে এই আটজনকে গ্রেপ্তার করা হয়, তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে গত এক বছরে তৈরি করা শতাধিক অশ্লীল ভিডিওর প্রমাণ পেয়েছে পুলিশ। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 

























