নোয়াখালীর সেনবাগে পরশুরামের যুবক ইসমাইল হোসেন পিন্টু (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনবাগ পৌরসভার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পোশাকও জব্দ করা হয়েছে। নিহত পিন্টু পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আবদুল ওহাবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনবাগ পৌরসভার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে এবং পরশুরাম মডেল থানার ওসি আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হয়। পুলিশ আরও জানায়, ইসমাইল হোসেন পিন্টু বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পিসিপিআর তথ্য অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের পরিচয় দিয়ে অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং ৬২) দায়ের করা হয়েছিল। তিনি ওই মামলায় অভিযুক্ত ও চার্জশিটভুক্ত আসামি ছিলেন এবং একই দিনে গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ইসমাইল হোসেন পিন্টু প্রায় ২০ বছর ধরে এলাকায় আসেননি। সর্বশেষ তিনি ছাগলনাইয়া উপজেলার মনুরহাট বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান লাশের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন।
রিপোর্টারের নাম 

























