ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এরো এবং অওদ বিভাগের বিভিন্ন এলাকায় শত শত দমকলকর্মী মোতায়েন করা হয়েছে বলে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে।
খরা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। গত বছর করবিয়ের অঞ্চলে বড় ধরনের দাবানলের পর এবং ইউরোপজুড়ে সাম্প্রতিক প্রাণঘাতী তাপপ্রবাহের কয়েক দিনের মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আবহাওয়া পূর্বাভাসে আবারও তাপপ্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট দফতরের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত প্রায় ৮০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। স্থানীয় সময় রাত ১১টায় একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, “কখনও কখনও আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হচ্ছে, তবে এটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।” পাহাড়ি দুর্গম এলাকায় যাতায়াতের উপযুক্ত পথ না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আকাশ থেকে পানি নিক্ষেপকারী উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রবল দমকা হাওয়া ও অত্যন্ত শুষ্ক ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
কর্মকর্তারা আরও জানান, পুজোল-মিনারভোয়া ও মাইয়াক কমিউনের প্রায় ২০০ বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অথবা নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। পুজোল-মিনারভোয়ার ৯৯ বছর বয়সী বাসিন্দা দানিয়েল বলেন, “ধোঁয়া এতটাই ঘন ও দমবন্ধ করা ছিল, যে দমকলকর্মীরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন।” এদিকে, মার্সেইয়ের কাছে রোনিয়াক ও লানকঁ-প্রোভঁস এলাকায় আরও দুটি ছোট দাবানলের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















