যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে এক ব্যতিক্রমী বিয়ের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার এক যুগল। একইসঙ্গে বিশ্ব শান্তির বার্তা সংবলিত একটি ব্যানারও উড়িয়েছেন তারা। তবে তাদের এই দুঃসাহসিক রোমাঞ্চকর অভিযানের সমাপ্তি ঘটেছে গ্রেপ্তারের মধ্য দিয়ে।
গতকাল বুধবার আকাশচুম্বী এই ভবনের প্রায় ১ হাজার ৪৫৪ ফুট উঁচু অ্যান্টেনার স্পায়ার বা সূক্ষ্ম অংশে উঠে এই কাণ্ড ঘটান আঞ্জেলা নিকোলাউ ও ভানিয়া বীরকুস। কালো পোশাক পরিহিত এই যুগল আকাশে তাদের অবস্থানকালীন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করছিলেন। বাতাসে উড়তে থাকা তাদের ব্যানারে সাদা অক্ষরে লেখা ছিল, ‘যখন ক্ষমতার প্রতি ভালোবাসার চেয়ে ভালোবাসার ক্ষমতা বড় হবে, তখন পৃথিবী শান্তি দেখবে।’
দুপুর সাড়ে ১২টার কিছু পরে একটি আকাশযান থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই যুগল অ্যান্টেনা কাঠামো থেকে ধীরে ধীরে কিছুটা নিচের একটি প্ল্যাটফর্মে নেমে আসেন। এরপর বীরকুস এক হাঁটু গেড়ে নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবের পর তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। নিকোলাউকে তখন ক্যাটওম্যান স্টাইলের একটি বিশেষ টুপি পরা অবস্থায় নিজের হাতের আংটি দেখতে এবং ইনস্টাগ্রামে ছবি তুলতে দেখা যায়। এই যুগল এবং তাদের এমন বিপজ্জনক অ্যাডভেঞ্চার নিয়ে ২০২৪ সালে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছিল।
তবে এই ঘটনার পর নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ভবনের চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে পুলিশ জানায়, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই যুগলকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইভান কুজনেতসভ (৩২) এবং নারীর নাম অ্যাঞ্জেলিনা নিকোলাউ (৩৩)। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি, অপরাধমূলক ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তবে তারা এখনও পুলিশ হেফাজতে আছেন কি-না, তা স্পষ্ট করেননি পুলিশের মুখপাত্র। এছাড়া তারা কীভাবে ওই সুরক্ষিত অ্যান্টেনার কাছে পৌঁছালেন, তাও জানা যায়নি।
রিপোর্টারের নাম 





















