বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ জেলার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩৬৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ২৭ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এই সময় জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপকূলীয় অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নানা প্রতিকূলতা এবং তাঁর নিজের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের ত্যাগের ফল।
এর আগে প্রতিমন্ত্রী বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 

























