পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান এই বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এতে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। বাজেট শেষে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পৌর শহর আলোকিতকরণ এবং সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম। তিনি আরও উল্লেখ করেন যে, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট ঘোষণাকালে পৌর সচিব মনছুর আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























