সুন্দরবনে মাছ ধরার নিষিদ্ধ সময়ে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতদের গত শনিবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা শনিবার সকালে বদরউদ্দিন খালে অভিযান চালিয়ে একটি জেলে নৌকাসহ তিনজনকে আটক করে। আটককৃত জেলেরা হলেন শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আটক জেলেরা বন বিভাগের এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিল।
রিপোর্টারের নাম 
























