নেত্রকোণার পূর্বধলায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় কাওসার (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তার সহযোগী আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় স্থানীয়দের সহায়তায় কাওসারকে আটক করা হয়।
আটক কাওসারের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার চরখরিচা গ্রামে। তার বাবার নাম আলিফলাম। এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আটক কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















