ফিলিস্তিনের গাজায় তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে বর্বরোচিত ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন এই হামলায় ঘুমন্ত শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। শনিবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ইসলাম মুসা (১৫) এবং তার বড় ভাই আবদুল্লাহ মুসা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আল-মাওয়াসিতে কয়েক দিন আগে হওয়া অন্য এক হামলায় গুরুতর আহত ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে নাসের ও রেড ক্রস হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতালের আঙিনায় নিহত দুই ভাইয়ের লাশের পাশে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
অন্যদিকে, পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুতদের আরেকটি আশ্রয়শিবিরে হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর এমন অব্যাহত হামলায় গাজাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি বারবার উঠে আসলেও ইসরায়েলের এই আগ্রাসন থামছে না।
রিপোর্টারের নাম 






















