নৃত্য, অভিনয় ও মডেলিংয়ের পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ তার জন্মদিন ও বাবা দিবস উপলক্ষে এক বিশেষ আয়োজনের মাধ্যমে প্রয়াত বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি গান নতুনভাবে উপস্থাপন করেছেন। এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে বিশ্বরঙ।
নঈম দোহারের লেখা ও নওয়ার পারভেজের সুরে সাইফুল ইসলামের গাওয়া এই জনপ্রিয় গানটি এবার নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে শ্রোতাদের সামনে আসছে। গানটির নতুন সংগীতায়োজনে রয়েছেন রাজন সাহা। এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে সাদিয়া ইসলাম মৌ নিজেও এতে কণ্ঠ দিয়েছেন, তবে গানের পাশাপাশি তার কবিতা পাঠও বিশেষ মাত্রা যোগ করেছে।
প্রযোজক বিপ্লব সাহা বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তার জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি চেয়েছি এমন একটি উপহার দিতে। আশা করছি এটি তার হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।’ তিনি আরও জানান, মিউজিক ভিডিওতে মৌ-এর কবিতা পাঠ এই কাজকে আরও অর্থবহ ও স্মরণীয় করেছে।
ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনায় ছিলেন তুষার। আয়োজকদের প্রত্যাশা, এই বিশেষ মিউজিক ভিডিওটি কেবল একটি গান নয়, বরং একজন কন্যার তার বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ হয়ে উঠবে, যা দর্শক-শ্রোতার হৃদয় স্পর্শ করবে।
রিপোর্টারের নাম 

























