পিরোজপুরের জিয়ানগরে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তার বক্তব্যে এমপি মাসুদ সাঈদী তামাককে একটি নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে বলেন, এটি মানুষের স্বাস্থ্য, পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগও অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এ বিষয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এমপি সাঈদী দৃঢ়ভাবে বলেন, তামাককে ‘না’ বলার মাধ্যমেই একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
এছাড়াও, এমপি মাসুদ সাঈদী তার নির্বাচনী ১৮টি প্রতিশ্রুতির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে বলে জানান। সম্প্রতি পিরোজপুরকে অর্থনৈতিক জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে এবং পিরোজপুর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভার শেষে প্রধান অতিথি উপজেলার চাড়াখালী ব্রিজের নিচে নবনির্মিত শিশু পার্ক এবং ঘোষেরহাট বাজারের ব্রিজ উদ্বোধন করেন। পরে তিনি জিয়ানগর বাজারে একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























