মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩১ জন কিশোরকে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় চারটি জামে মসজিদের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। কঠোর নিয়ম মেনে নিয়মিত নামাজ আদায় করে ৩১ জন কিশোর বাইসাইকেল জিতে নেয় এবং আরও ২৬ জনকে বিশেষ সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রেসার কুকার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। বক্তারা বলেন, কিশোরদের নৈতিক চরিত্র গঠন ও ইসলামের প্রতি অনুরাগী করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























