নওগাঁর ধামইরহাট উপজেলায় এক বৃদ্ধা মাকে মারধর ও তাঁর পায়ের রগ কেটে নেওয়ার অভিযোগে আসাদুজ্জামান শামিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান ওই এলাকার আবু হাসনাতের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং মাদকে আসক্ত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ বয়সে জীবনের নিরাপত্তা চেয়ে বৃদ্ধা মা আঞ্জুমান আরা (৬৮) থানায় লিখিত অভিযোগ করেন।
মামলা ও থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন আসাদুজ্জামান তাঁর মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরার পর গত ১৪ জুন আবারও ধারালো অস্ত্র দিয়ে মায়ের ডান পায়ের রগ কেটে দেন। এতে তিনি গুরুতর আহত হন। এই পাশবিক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের নামে থানায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বৃদ্ধা আঞ্জুমান আরা সাংবাদিকদের বলেন, ‘সে আমার পেটের সন্তান। নেশার টাকা এবং আমার থেকে জমি লিখিয়ে নেওয়ার জন্য সে আমাকে বেধড়ক মারধর করে। শেষ অব্দি আমার পায়ের রগ কেটে দিয়েছে। সন্তানের অত্যাচার থেকে বৃদ্ধ বয়সে একটু শান্তিতে বাঁচতে চাই আমি।’ ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, বৃদ্ধা মায়ের অভিযোগ ও নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ছেলের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। পরে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























