সম্প্রতি হামে ৬ শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি প্রশ্ন তোলেন, যদি ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় একটি হাসপাতাল বন্ধ করা হয়, তবে হামে ৬ শতাধিক শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিনা। তিনি সরকারের কাছে হাম প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শুক্রবার সকালে রাজধানীর ভাটারায় মহানগর উত্তর জামায়াত সংশ্লিষ্ট ‘নগর উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে সেলিম উদ্দিন এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন যে, দেশে হামে শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে এবং এই সংকট মূলত অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই তৈরি হয়েছে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কেবল কথার রাজনীতি করছে, অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া, অতিরিক্ত বরাদ্দ নিয়ে নিম্নমানের চিকিৎসা যন্ত্রপাতি কিনে হাসপাতালে ফেলে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সেলিম উদ্দিন জরুরি ভিত্তিতে টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, হাসপাতালে শয্যা ও আইসিইউর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো, জাতীয় সংকটে বেসরকারি ক্লিনিকগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি এবং চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও অসহায়ত্ব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ও নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে এবং এই নগরীকে একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও, চোখের ছানি আক্রান্ত রোগীদের বাছাই করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। এই মানবিক নগর গড়ে তোলার লক্ষ্যে তিনি নগরবাসীর সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন চিকিৎসক কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এর আগেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























