সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি।”
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল (বাংলা স্কুল) মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে, তবে ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
মন্ত্রী উল্লেখ করেন, আগামী দিনে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলার জন্য শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছে এবং এর জন্য কোথাও দৌড়াতে হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
রিপোর্টারের নাম 

























