বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে, গত ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরবর্তীতে ওই সভাতেই ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়।
এ বিষয়ে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তার মতে, পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেওয়ার নজির নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দেওয়ার পর জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় ও অবিচার করেছে।
রিপোর্টারের নাম 

























