বান্দরবানের রুমা উপজেলায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত কয়েকটি সড়ক সংস্কারের পরপরই ভেঙে পড়ায় জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়া এবং ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরকারের বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম এবং যথাযথ তদারকির অভাবের কারণেই নতুন সড়কগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না। রুমা-রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে, তা বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। প্রায় ১.৩ কিলোমিটার সড়ক নির্মাণে ২ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৬১০ টাকা ব্যয়ের এই প্রকল্পে ছয়টি স্থানে মোট ৭৫ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণের কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ছোহ্লামং মারমা, এবাই মং মারমা ও উক্য থোয়াই মারমা জানান, একই সড়কের প্রথম ধাপের প্রায় ১ হাজার ৫০ মিটার পিচ ঢালাইয়ের কাজ ২০২৪ সালে শেষ হলেও, কাজ সমাপ্তির মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করেই নতুন অংশের কাজ শুরু করা হয়েছে। পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য গংবাসে মারমা কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কাজের মান অত্যন্ত খারাপ। নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। রাতের বেলায় মাটিসহ ঢালাই দিয়ে সাইট ওয়ালের কাজ করা হচ্ছে।’ স্থানীয় চালকরাও সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























