বাংলাদেশের অটোমোটিভ ও প্রকৌশল খাতে নতুন দিগন্ত উন্মোচন করে মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট। এমআইএসটির শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি’র যৌথ উদ্যোগে এই ঐতিহাসিক আয়োজনটি সম্পন্ন হয়।
এটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল শিল্প পেশাজীবী এবং নীতিনির্ধারকগণ একই মঞ্চে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। এই সামিট দেশের অটোমোবাইল কমিউনিটির মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে একটি টেকসই সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। প্রায় ২,৫০০-এরও অধিক অতিথি ও দর্শনার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা এর গুরুত্ব ও সফলতার ইঙ্গিত বহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, যিনি এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।
সামিটে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া, দেশের অটোমোটিভ ও ওইএম (OEM) খাতের উন্নয়ন সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, শিল্প পেশাজীবী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা সভা আয়োজিত হয়।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা দেশের প্রকৌশল শিক্ষার অগ্রগতি ও শিল্প বিকাশে এক নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























