চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, এই উদ্যোগের মাধ্যমে চীনা ব্যবসায়ীদের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, নতুন এই উদ্যোগের আওতায় এখন থেকে নতুন ব্যবসার লাইসেন্স মাত্র ১৫ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে।
নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প এবং ওষুধশিল্প খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথাও তুলে ধরেন তিনি।
তার ভাষায়, বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা নিজ দেশে ফেরত নেওয়া এবং বিনিয়োগের আইনি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
বক্তব্যের শেষদিকে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের আগামী অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিপোর্টারের নাম 






















