ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশবরেণ্য এক আলেমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মূল আসামি মোশারফ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল গ্রামে সীমানার বেড়া দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযুক্ত মোশাররফ হোসেন লোহার রড দিয়ে ওই আলেমকে এলোপাথাড়ি আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
এই ঘটনায় আহতের ছেলে কাউছার জামিল বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























