কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি মাত্র তিন মাসের জন্য গঠিত হলেও তা পার করেছে দীর্ঘ পাঁচ বছর। দীর্ঘদিনেও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব সংকট, ক্ষোভ ও হতাশা দানা বেঁধেছে। একই কমিটি বছরের পর বছর বহাল থাকায় ক্যাম্পাসে বর্তমান নেতৃত্ব ‘আদুভাই কমিটি’ উপাধি পেয়েছে। এদিকে, গত বছরের শেষদিকে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও প্রায় সাত মাস ধরে তা ঝুলে আছে, যা সংগঠনের নেতৃত্ব পুনর্গঠন নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন তৎকালীন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে সদস্য সচিব করা হয়েছিল। বর্তমানে তাদের কারোই নিয়মিত ছাত্রত্ব নেই।
এই কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব বহু বছর আগেই শেষ হয়েছে। ৩১ সদস্যের এই কমিটিতে বর্তমানে নিয়মিত ছাত্র রয়েছেন মাত্র চারজন। বাকি সদস্যদের মধ্যে অন্তত ২৬ জনের বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রত্ব নেই বলে জানা গেছে। এছাড়া, ওই কমিটির আট থেকে দশ জন বাদে সবাই এখন নিষ্ক্রিয়। কুবি শাখা ছাত্রদলের একজন নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও জানা যায়, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদ উল্লাহ অহিদ দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। অন্য যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন আশিক একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবে এবং গোলাম রাব্বানী আশিক একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ছাত্রদল একাংশের কর্মীরা বর্তমান আহ্বায়ক কমিটিকে ‘আদুভাই কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন বলেও জানা গেছে।
দীর্ঘদিন আহ্বায়ক কমিটি বহাল থাকা এবং নতুন কমিটি ঘোষণা না হওয়ায় শাখা নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, নতুন কমিটি না হওয়ায় সংগঠনের অভ্যন্তরে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপ তৈরি হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্ব ঘোষণার প্রত্যাশা করেছেন। শাখার যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, দীর্ঘদিন ধরে কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























