যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ‘QS World University Rankings 2027: Top Global Universities’ তালিকায় টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একইসাথে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।
প্রকাশিত এই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্বের মোট ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থান নির্ধারণে ৯টি পৃথক সূচক ব্যবহার করে সর্বোচ্চ ১০০ স্কোর নির্ধারণ করা হয় এবং এর ভিত্তিতে গড় স্কোর অনুযায়ী চূড়ান্ত অবস্থান ঘোষণা করা হয়।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে (Overall) ২৮.৩ স্কোর অর্জন করেছে। বিশেষ করে একাডেমিক সুনাম (Academic Reputation) সূচকে বিশ্ববিদ্যালয়টির ২৮.৩ স্কোর দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এর দীর্ঘদিনের অবদানের সুস্পষ্ট প্রতিফলন।
কর্মসংস্থান ফলাফলের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এ সূচকে ৯৫.০ স্কোর অর্জন করে বিশ্ববিদ্যালয়টি প্রমাণ করেছে যে এর স্নাতকরা কর্মক্ষেত্রে অত্যন্ত সমাদৃত। পাশাপাশি নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম (Employer Reputation) সূচকে ৫০.৮ স্কোর শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তির ইঙ্গিত দেয়।
গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি লক্ষণীয়। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (International Research Network) সূচকে ৬১.১ স্কোর অর্জন আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব বৃদ্ধির প্রতিফলন। এছাড়া টেকসই উন্নয়ন (Sustainability) সূচকে ৬০.৬ স্কোর বিশ্ববিদ্যালয়টির পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়।
তবে কিছু সূচকে উন্নতির সুযোগ রয়েছে বলে র্যাঙ্কিংয়ে উঠে এসেছে। সাইটেশনস পার ফ্যাকাল্টি (Citations per Faculty) এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (Faculty Student Ratio) উভয় ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টির স্কোর ৮.০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (International Faculty Ratio) সূচকে ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (International Student Ratio) সূচকে ১.৪ স্কোর অর্জন আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা নির্দেশ করে। সংশ্লিষ্ট মহলের মতে, ধারাবাহিকভাবে দেশের শীর্ষ অবস্থান ধরে রাখা এবং বৈশ্বিক তালিকায় অবস্থান বজায় রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নীতির ধারাবাহিক সাফল্যের পরিচায়ক।
রিপোর্টারের নাম 

























