জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা, একাডেমিক স্থবিরতা এবং শিক্ষার্থীদের হয়রানির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। শুক্রবার শিক্ষামন্ত্রীর ক্যাম্পাসে উপস্থিতির সময় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ব্যঙ্গাত্মক ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে এই প্রতিবাদ জানান।
প্রদর্শন করা প্ল্যাকার্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘বৈশ্বিক র্যাংকিংয়ে ১৪০০ থেকে বাদ পড়ায় উপাচার্যকে অভিনন্দন’, ‘জুলাই প্রশংসার মাস্টারমাইন্ডদের অব্যাহতি দেওয়ায় অভিনন্দন উপাচার্যকে’, ‘ভবন নির্মাণ IS GOING WELL, গবেষণা IS NO MORE’, ‘জুলাই বিপ্লবের নামে ‘আত্মশুদ্ধি’ পাড়ায় অভিনন্দন (মিটিং অ্যালাউন্স ৪০ লাখ)’ এবং ‘একাডেমিক নিপীড়কদের ক্রমাগত দায়মুক্তি দেওয়ায় উপাচার্যকে অভিনন্দন’ ইত্যাদি স্লোগান।
প্রতিবাদ কর্মসূচি চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ইমন বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি থেকে শুরু করে সার্টিফিকেট উত্তোলন পর্যন্ত প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের যে পরিমাণ হয়রানি এবং অবিচারের শিকার হতে হয়, তাতে এটা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয় বলে কারো মনে হবে না।”
তিনি আরও যোগ করেন, “ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন উপাচার্য দায়িত্ব নিলেও একাডেমিক কিংবা প্রশাসনিক ক্ষেত্রে নূন্যতম কোনো পরিবর্তন আনতে পারেননি। এই ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। যতদিন না শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে, ততদিন আমাদের এই সংগ্রাম ও আন্দোলন অব্যাহত থাকবে।”
রিপোর্টারের নাম 

























