ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার পড়ন্ত বিকেলে উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মাহিম ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাহিম একটি কাঁচা বাঁশ দিয়ে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। কয়েকদিন পর পতাকার বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সেটি সোজা করতে যায় মাহিম। এ সময় বাঁশটি পাশে থাকা ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মাহিমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 






















