লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকা জুড়ে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে। এই হামলায় আরও ৯৭ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব হামলা চালানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটেছে হারুফ এলাকায়। সেখানে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। এছাড়া আল-দুয়েইরে হামলায় এক শিশু ও এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও সাতজন। আরব সালিমে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বালবেকের কাছে তাল আবিয়াদ এলাকাতেও তিনজন নিহত হয়েছেন।
এর পাশাপাশি আল-শারকিয়াহ, কফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, কফার জাউজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া এবং আইন বুরদাইসহ বিভিন্ন এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজার ১ জন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 

























