চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এবং ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।
বুধবার সন্ধ্যায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অর্থ সহায়তা তুলে দেন। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান বলেন, রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়টি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর উন্নয়নে সামান্য সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত। তিনি সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান, কারণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে তার সহযোগিতা থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম খোকন, আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























