দেশে হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮০৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। সব মিলিয়ে, গত একদিনে নতুন হাম রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ ৯৮ দিনে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৮ জনে। এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৬৭৭ জনের। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে, বাকি ৫৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে ৯১ হাজার ৭৮৯ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে এবং ১০ হাজার ৯৪৯ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৯০২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৯৭০ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, হামে সবচেয়ে বেশি ৩০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যার মধ্যে ৫৭ জন নিশ্চিত হামে এবং ২৪৭ জন উপসর্গে মারা গেছেন। এরপর রাজশাহী বিভাগে ৮৯ জন (২ জন নিশ্চিত), সিলেটে ৭৭ জন (৩ জন নিশ্চিত), চট্টগ্রামে ৫৯ জন (১০ জন নিশ্চিত), বরিশালে ৫৮ জন (১৯ জন নিশ্চিত), ময়মনসিংহে ৫৫ জন (২ জন নিশ্চিত) এবং খুলনাতে ২৭ জন ও রংপুরে ৮ জন হামের উপসর্গে মারা গেছেন।
রিপোর্টারের নাম 























