টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের প্রাণহানি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টেলকি জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের উদ্দেশ্যে একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন, কিন্তু তারাও আর বাইরে ফিরে আসতে পারেননি।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা অচেতন হয়ে পড়েন এবং শ্বাসরোধে মারা যান।
এ বিষয়ে মধুপুর থানার ওসি ফজলুর হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 





















