বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে আধিপত্যবাদ রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকার আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করলে দেশবাসী তা মেনে নেবে না। দেশের প্রায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত এই আধিপত্যবাদ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তিনি যুবসমাজসহ দেশের সর্বস্তরের জনগণকে দেশের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, যুবসমাজ অতীতে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে। এখন নব্য ফ্যাসিবাদকে প্রতিহত করতে প্রয়োজনে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।
১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
জামায়াত আমির আরও অভিযোগ করেন যে, একটি প্রতিবেশী দেশ পুশইন এর নামে তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে তিনি সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এবং দেশের জনগণের দৃঢ়তার কথা উল্লেখ করে বলেন, যখন বিজিবি সীমান্তে শক্ত অবস্থান নেয়, তখন দেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যায়। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ কোনো প্রতিবেশীর ঘুম ও শান্তি হারাম করতে চায় না, একইভাবে কোনো প্রতিবেশী যেন বাংলাদেশের দিকে কালো হাত না বাড়ায়। যদি এমনটা হয়, তবে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ, সম্পদ লুণ্ঠন বন্ধ, হত্যার রাজনীতি পরিহার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা তাদের প্রতিটি ওয়াদা ভঙ্গ করেছে। তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রের সকল বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং নির্বিচারে মানুষ হত্যা ও পঙ্গু করা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, যারা একসময় দম্ভ করে বলত হাসিনা পালায় না, শেষ পর্যন্ত তীব্র জনস্রোতের মুখে তাদেরকেই দেশ ছাড়তে হয়েছে।
রিপোর্টারের নাম 





















