খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সরকারি গাড়িযোগে জরুরি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের রফিকুল ইসলামের (৬১) বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।
সংবাদ পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাঁটযুক্ত বিদেশি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















