শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলেও, এই খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করা অপরিহার্য। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ক্যাম্পাসে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে আগ্রহী। এজন্য এই ক্ষেত্রে গবেষণা বাড়ানো এবং গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণার সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা ইতিবাচক। তবে, এসব বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবের সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে।
এ সময় মন্ত্রী ‘গ্রীন টেক্সটাইল’ এবং রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জার্মানির নিডাররাইন ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 























